আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের রাজৈর উপজেলার ঐতিহাসিক ইশিবপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় ও দোয়া চেয়ে মাঠে নেমেছেন বিশিষ্ট সমাজসেবক মেহেদী হাসান ফরাজী। আসন্ন নির্বাচনে তিনি ইশিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করেছেন।
আধুনিক চিন্তা-চেতনাকে কাজে লাগিয়ে নিজ জন্মভূমির সার্বিক উন্নয়নে আত্মনিয়োগ করতে চান মেহেদী হাসান ফরাজী। বিশেষ করে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য।
এক বিবৃতিতে মেহেদী হাসান ফরাজী বলেন, “বর্তমান সময়ে তরুণ সমাজ আমাদের সবচেয়ে বড় শক্তি, কিন্তু দুঃখজনকভাবে মাদকের আগ্রাসনে এই যুবসমাজ আজ বিপথগামী হওয়ার ঝুঁকিতে রয়েছে। যুবসমাজ যাতে ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে না যায়, তাদের যেকোনো মূল্যে নেশার হাত থেকে রক্ষা করতে হবে। খেলাধুলা, কর্মমুখী শিক্ষা ও নৈতিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করে আমি ইশিবপুরকে একটি মাদকমুক্ত, সুশিক্ষিত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও উল্লেখ করেন, ক্ষমতার মোহ নয়—বরং ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের অবহেলিত মানুষের সেবা করাই তার উদ্দেশ্য। দীর্ঘদিন ধরে তিনি নিঃস্বার্থভাবে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং একটি আধুনিক ডিজিটাল সেবা কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
ইশিবপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলাপকালে জানা যায়, একজন সৎ, শিক্ষিত ও পরিচ্ছন্ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। স্থানীয় মুরুব্বি ও যুবসমাজ তাকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন এবং একজন যোগ্য প্রতিনিধি হিসেবে তাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছেন।
মেহেদী হাসান ফরাজী ইউনিয়নের সর্বস্তরের মুরব্বি, মা-বোন এবং তরুণ ভোটারদের কাছে আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, “আপনারা পাশে থাকলে এবং মহান আল্লাহ তায়ালার রহমত থাকলে ইশিবপুর হবে একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও দৃষ্টান্তমূলক ইউনিয়ন।”