দারীপুরের রাজৈর উপজেলায় এক ইতালি প্রবাসীর জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় উপজেলার পশ্চিম হাসানকান্দি গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইতালি প্রবাসী মো. মিলন মাতুব্বর অভিযোগ করে বলেন, জমি নিয়ে একই এলাকার মো. নাজির হোসেন মাতুব্বর, অলি হোসেন মাতুব্বর ও মাহফুজ মাতুব্বরের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
মিলন মাতুব্বরের দাবি, তিনি ইতালিতে অবস্থানকালে তাঁর অনুপস্থিতির সুযোগে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ও ভ্যানের গ্যারেজে আগুন দেওয়া, জমি জবরদখল এবং চাঁদা দাবিসহ বিভিন্ন ধরনের হয়রানি করা হয়েছে। এসব ঘটনায় তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি দেশবাসী ও সরকারের কাছে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মিনারা বাদী হয়ে রাজৈর থানায় মামলা করেছেন বলে জানানো হয়। মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী পরিবার।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। অভিযোগগুলোর সত্যতা ও মামলার বর্তমান অবস্থা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।