1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

মুকসুদপুরে ‘আলোর পথে দিগনগর’-এর বৃত্তি পরীক্ষা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা;

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪১ Time View

মুকসুদপুরে ‘আলোর পথে দিগনগর’-এর বৃত্তি পরীক্ষা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা; সাংবাদিক সংগঠনগুলোকে বিশেষ সম্মাননা প্রদান
গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মের মেধা ও সৃজনশীলতা বিকাশে উৎসাহ জোগাতে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘আলোর পথে দিগনগর ইউনিয়ন’ সংগঠনের তৃতীয় বার্ষিক মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলার দিগনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। বৃত্তি পরীক্ষায় দিগনগর ইউনিয়নের ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসাসহ মাধ্যমিক পর্যায়ের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৮ জন মেধাবী শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া পরিবেশ সচেতনতা বাড়াতে তপন ঘোষের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের ২০টি বৃক্ষ উপহার দেওয়া হয় এবং সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
একই অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ মুকসুদপুর প্রেসক্লাব, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব এবং মুকসুদপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
সংগঠনের সভাপতি সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল রোমান এবং মুকসুদপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম প্রমুখ।
আয়োজনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ শিমুল ফকিরসহ একরাম ফকির, মেহেদী হাসান, রুহুল আমিন, আব্দুল্লাহ আল মামুন, রাসেল শেখ, রাসেল, নাঈম, নাজমুল হুদা মিঠু, সেতু মুন্সি, সোহেল হাওলাদার, অরুণ মালো, সাইদুল গাজী, রমেন বিশ্বাস, তাহমিনা আক্তার, শারমিন বেগম ও মুসলিমা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া আইকদিয়া আছিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম সোহেল, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, একটি আলোকিত সমাজ গঠনের প্রধান হাতিয়ার হলো শিক্ষা। মেধা ও সৃজনশীলতার যথাযথ মূল্যায়ন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করে। শুধু ভালো ফলাফল নয়, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গ্রামীণ শিক্ষার্থীদের পাশে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। মেধার স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category