গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্যকান্দি গ্রামে সাংবাদিক আবু বকরকে মোবাইল ফোনে গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শহীদ শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তার জন্য মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক আবু বকর।
রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ৪১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তিনি।
জানা গেছে, এর আগে শহীদ শেখ সাংবাদিক আবু বকরকে মোবাইল ফোনে কল দেন। সে সময় ব্যস্ত থাকায় তিনি কলটি রিসিভ করতে পারেননি। পরে সকাল ১০টা ৪১ মিনিটের দিকে আবু বকর ওই নম্বরে কলব্যাক করলে শহীদ শেখ অশালীন ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
সাংবাদিক আবু বকর জানান, ঘটনার পর বিষয়টি সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করেন। পাশাপাশি নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত শহীদ শেখের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শহীদ শেখের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত, নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।