আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে
গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এক মনোজ্ঞ ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশ সদস্যদের পরিবেশনায় নৃত্য, গান সহ নানা বর্ণিল আয়োজনে মুখরিত ছিলো সম্পূর্ণ অনুষ্ঠানটি।

মনোজ্ঞ এ আয়োজনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ ফোর্সের সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রিত শিল্পী ও কলাকুশলীগণ।

উক্ত বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) গোপালগঞ্জের সভানেত্রী
তানজিলা শেলী।

বিশেষ অতিথি ছিলেন পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) গোপালগঞ্জের সহ-সভানেত্রী জারিন তাসনিম নুসরা।

এ সময় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জিয়াউল হক, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান সহ গোপালগঞ্জ জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জেলা পুলিশের এ সাংস্কৃতিক আয়োজনটি উপস্থিত দর্শক ও অতিথিদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
