গোপালগঞ্জের মুকসুদপুরে সাংবাদিক আবু বকরকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত শহীদ শেখকে আটক করার পর মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।
জানা যায়, গত ৪ অক্টোবর (রবিবার) আনুমানিক সকাল ১০টা ৪১ মিনিটে সাংবাদিক আবু বকরকে মোবাইল ফোনে হুমকি দেন গোহালা ইউনিয়নের ভট্টাচার্যিকান্দি গ্রামের শহীদ শেখ। ঘটনাটি জানার পরপরই সাংবাদিক আবু বকর নিরাপত্তা চেয়ে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি করার কয়েক ঘণ্টার মধ্যেই মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুনের নির্দেশে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং হুমকিদাতা শহীদ শেখকে শনাক্ত করে থানায় নিয়ে আসতে সক্ষম হয়।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়। অভিযুক্ত শহীদ শেখ নিজের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের আচরণ করবেন না মর্মে মুচলেকা প্রদান করলে তাকে ছেড়ে দেওয়া হয়।
উক্ত আপস-মীমাংসাকালে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, সাব-ইনস্পেক্টর মামুন, গোপালগঞ্জ জেলা যুবদলের ভাইস প্রেসিডেন্ট আল আমিন বিশ্বাস ও গোহালা ইউনিয়নের আহ্বায়ক শরিফুল ইসলাম (রিমাচ), গোহালা ইউনিয়ন বিএনপির অচিন্ত রায় চৌধুরী, গোহালা ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্যা লাইলি বেগম (বুড়ি) এবং ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পান্নু শেখসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তাৎক্ষণিক পদক্ষেপ এবং নিরপেক্ষ ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।