‘এসো তরুণ, এসো যুবক, আমরা গড়ি আলোকিত আগামীর গ্রাম’—এই প্রত্যয়কে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১৫০ জন কৃতী ও গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বড়ইহাটি আইডিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ‘আলোর পথে দিগনগর ইউনিয়ন’-এর বাস্তবায়নে এবং ‘বড়ইহাটি সততা প্রবাসী কল্যাণ ক্লাব’-এর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বড়ইহাটি আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট ও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক সাবরিনা আহমেদ শুভ্রা।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বড়ইহাটি আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলীউর শেখ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রণজিত কুমার বিশ্বাস। এতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন দিগনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হক হাওলাদার।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, সফল কৃষক, ব্যবসায়ী, মেধাবী শিক্ষার্থী, পরিশ্রমী নারী, স্বাস্থ্যকর্মী, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শিক্ষা, কৃষি, ব্যবসা, স্বাস্থ্য ও সমাজসেবাসহ গ্রামীণ উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মোট ১৫০ জন কৃতী ও গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। আয়োজকেরা জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এ উদ্যোগ তরুণ প্রজন্মকে ইতিবাচক, সৃজনশীল ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করবে।
স্থানীয় সুধীজনেরা মনে করেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ পর্যায়ে সামাজিক সম্প্রীতি জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মানুষদের সম্মানিত করার একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে ‘সরলা শিল্পগোষ্ঠী’র পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।